কেএম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসে অসুস্থ হয়ে মো. সেলিম মাঝি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি কালিরবাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন সেলিম মাঝি। সেখানে আলোচনা সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে মো. সেলিম মাঝির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সেলিম মাঝির পরিবারের পাশে থাকার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন।
