বিশেষ সংবাদদাতা :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এনসিপির অভিযোগ, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেয় পুলিশ।
হামলার অভিযোগ জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ তার পোস্টে দাবি করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সারজিস আলমের ওপরও হামলা করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলায় অনেকে আহত হয়েছেন দাবি করে তিনি এ ঘটনাকে ‘ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা’ হিসেবে উল্লেখ করেন।
এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সার্কিট হাউসের উদ্দেশে যাওয়ার সময় থানার মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, উসকানিমূলক ও অশালীন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মানুষ ধাওয়া দিয়েছে বলে তিনি শুনেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপির নেতারা নিরাপদে রয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। গণতন্ত্রের ধারাবাহিকতা, কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
