ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নারী-সংক্রান্ত বিতর্কের ঘটনায় সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বুধবার (বিকেল ৪টা) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান, এমপি। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে দ্রুত জানানো হবে।
দলীয় সূত্রে আরও জানা যায়, গাজী নজরুল ইসলামের নারী-সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় জামায়াত। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের আগে সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কেউ এমপি কী না, সেটি আমাদের কাছে মুখ্য নয়। নৈতিকতা ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এদিকে দলীয়ভাবে নির্বাচন কমিশনকে বহিষ্কারের বিষয়টি জানানো হলে সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ওই আসনে উপনির্বাচন আয়োজনের পথ তৈরি হবে।
