ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতী সন্তান ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করার বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশনা মেনে এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে চিঠিতে।
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন তিনি।
সাখাওয়াত হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের কৃতী সন্তান। নতুন দায়িত্ব পাওয়ার খবরে তার নিজ এলাকা ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
