১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ প্রায় ৪১ বছরের গৌরবময় কর্মজীবন শেষে অবসরে গেলেন ফরিদগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মো. জাকির হোসেন হাওলাদার। কর্মজীবনের শেষ দিনে সহকর্মীদের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় তিনি পেলেন এক ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনা। সুসজ্জিত গাড়িতে বিদায় জানিয়ে তার দীর্ঘ সেবামূলক জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ থানা প্রাঙ্গণে এ উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং সুসজ্জিত গাড়িতে বিদায়ের মাধ্যমে অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্যকে সম্মান জানানো হয়। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানায় থানা কর্তৃপক্ষ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ, পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। 

অনুষ্ঠান শেষে সুসজ্জিত গাড়িতে করে জাকির হোসেন হাওলাদারকে তার নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং ইউনিয়নের বুড়ংঙ্গাচর গ্রামের হাওলাদার বাড়িতে পৌঁছে দেয় ফরিদগঞ্জ থানা পুলিশ।

জাকির হোসেন হাওলাদার ১৯৮৬ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি চট্টগ্রাম, বান্দরবান, সিলেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ প্রি-রিটায়ারমেন্ট লিভ (পিআরএল)-এ যাওয়ার আগে নিজ জেলা চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। 

বিদায় সংবর্ধনায় আবেগাপ্লুত জাকির হোসেন হাওলাদার বলেন, “পুলিশের চাকরিতে একজন কনস্টেবলের অবসর সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। এই বিদায় সংবর্ধনা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি হয়ে থাকবে। এভাবে আমাকে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হবে, কখনও ভাবিনি।”

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এরশাদ উল্লাহ বলেন, “একজন সহকর্মীর দীর্ঘ কর্মজীবনের অবসানকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন। বিদায়ের মুহূর্তে তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। বাংলাদেশ পুলিশ সবসময় তার ও তার পরিবারের পাশে থাকবে।” 

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top