ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
বদলিজনিত কারণে বিদায়ী ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করেছেন উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সকল খেলোয়াড়ের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। খেলোয়াড়দের পক্ষে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আনোয়ার হোসেন সজীব, মোহাম্মদ উল্লাহ আল আমিন, জিয়াউর রহমান জিয়া, খলিলুর রহমান, সোহাগ ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় খেলোয়াড়রা বলেন, স্বল্প সময়ের দায়িত্ব পালন করলেও সেটু কুমার বড়ুয়া ক্রীড়াঙ্গনসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর সময়ে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা ও উৎসাহ প্রদান করায় খেলোয়াড়দের মধ্যে তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন।
সেটু কুমার বড়ুয়ার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শেষ কর্মদিবস ছিল রোববার। ইউএনওর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।
জানা গেছে, বদলির পর সেটু কুমার বড়ুয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
