নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়ির মো. কাউছার খান (৪৩) ও তার ছেলে মো. পারভেজ খান (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বুধবার পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে মো. কাউছার খানের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘরের একটি কক্ষ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ কাউছার খান ও তার ছেলে পারভেজ খানকে আটক করা হয়।
আটকের পর তাদের হাজীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
