মো. সোহেল রানা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থানে দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে উপজেলার খেজুরতলা এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা। সকাল ৬টার দিকে তারা সীতাকুণ্ডে পৌঁছান। পরে সেখানকার ইকোপার্ক, সহস্রধারা ঝর্ণা, গুলিয়াখালী সি বিচসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
শিক্ষা সফরকে আনন্দঘন ও অংশগ্রহণমূলক করতে সংগীত, বক্তৃতা, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা দিনব্যাপী আনন্দময় সময় কাটান।
শিক্ষা সফরে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ হেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা পর্যায়ের দায়িত্বশীল ও মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম, নাসরুল্লাহ খান রাসেল, রূপসা উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. রনি, কবির হোসেন সোহাগসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
