নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তাহসীন (১৬) এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। তিনি এবছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত অটোরিকশা যাত্রী লিলু বেগম বলেন, “আমরা সিএনজিচালিত অটোরিকশায় ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলাম। বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা সবাই ছিটকে পড়ে আহত হই। মোটরসাইকেল চালক মেহরাজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।”
আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত পাঁচজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজ মাহমুদ জুম্মানকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জুম্মান খুবই মেধাবী ছাত্র ছিল। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই আমাদের সব স্বপ্ন ভেঙে দিলো।”
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
