ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
প্রাথমিক পর্যায়ে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ও ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত মোট ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ১২ অক্টোবর থেকে তথ্য সংগ্রহকারীরা উল্লিখিত দুই ইউনিয়নের ১নং ওয়ার্ডে শুমারি কার্যক্রম শুরু করবেন। পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে উপজেলার অবশিষ্ট ইউনিয়নগুলোতেও শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণ শুরু হবে।
