২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। 

এ সময় বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও নুরুল ইসলাম ফরহাদ। 

প্রশিক্ষণ বিষয়ে অনুভূতি প্রকাশ করেন হাইমচর প্রেসক্লাবের সদস্য শিমুল অধিকারী এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য শাখাওয়াত হোসেন মিন্টু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য আমানউল্লাহ খান ফারাবী। 

গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। 

প্রশিক্ষণের প্রথম দিনে ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান মাল্টিমিডিয়া জার্নালিজমের মৌলিক ধারণা, মোবাইল জার্নালিজম (মোজো), প্রয়োজনীয় ডিভাইস ও টুলসের ব্যবহার, স্টোরিবোর্ড তৈরি এবং সংবাদ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন। দ্বিতীয় দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ভিডিও শট গ্রহণ, ভিডিও সম্পাদনা এবং ভিজ্যুয়াল স্টোরি ও প্যাকেজ তৈরির কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তৃতীয় দিনে পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কনটেন্ট তৈরি, গুগল এআই স্টুডিওর কার্যকর ব্যবহার এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) বিষয়ে প্রশিক্ষণ দেন।

সমাপনীতে বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতার পরিধি ও চ্যালেঞ্জ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ বাস্তবতায় মাল্টিমিডিয়া দক্ষতা, মোবাইল জার্নালিজম, ভিডিও স্টোরিটেলিং, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং ফ্যাক্ট-চেকিংয়ের সক্ষমতা একজন সাংবাদিককে আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলে। 

তারা আরও বলেন, দ্রুততার সঙ্গে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির অন্যতম শর্ত। তাই সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে দেশের সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন। 

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top