মো. ইয়াছিন পালোয়ান :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী করিম বক্স পাটোয়ারী বাড়ির সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে সড়কে পানি জমে থাকছে, ফলে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। পানি দ্রুত অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী মানুষদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। অল্প বৃষ্টিতেই যাতে সড়কটি পানিতে তলিয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
