নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে আব্দুর রহমান মৃধা ওয়াকফ্ এস্টেটের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার (২২ আগস্ট) গাব্দেরগাঁও মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু নাসের মোহাম্মদ আবদুল ওয়াহীদ মৃধা। সকাল ৯টা থেকে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস।
আয়োজকরা জানান, এটি আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেটের উদ্যোগে আয়োজিত ৮ম কুরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আজ শনিবার বাদ মাগরিব ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন দারুসসুন্নাত সিদ্দিকীয়া সিরাজীয়া কমপ্লেক্স, ফরিদগঞ্জের পরিচালক ও বিশিষ্ট বক্তা হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহ নেছারী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামারা বক্তব্য রাখবেন।
দিনব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রহিম।
