ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
জোরপূর্বক সৃজনকৃত বাগানের গাছ ও ডালপালা কাটার ঘটনায় বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজেন বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় পুলিশ ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নিজাম উদ্দিনসহ দুইজনকে আটক করেছে। হামলার ঘটনায় তিনজন নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের দত্তের বাড়িতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই আদালত আটককৃতদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী শিমুল লোধ জানান, তাদের প্রতিবেশি আবুল হাশেম বেপারী জাল জালিয়াতি করে তাদের পৈত্রিক সম্পত্তি নিজেদের নামে দলিল সৃজন করে জবরদখল করে রেখেছে। তারা এসব বিষয়ে কাগজপত্র উদ্ধার করে মামলার মাধ্যমে একের পর এক তাদের সম্পত্তি পুনরুদ্ধার করছেন, তখনই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। হাশেম বেপারির ছেলে ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নিজাম উদ্দিনসহ তার লোকজন প্রায়শই তাদের জমিতে আবাদ করতে বাধা দিত। উল্টো তারা জোরপূর্বক সৃজনকৃত বাগানের গাছের ডালপালা কেটে নিত এবং জোরপূর্বক জমি আবদ করত। সর্বশেষ গত ১৬ অক্টোবর তারা আমাদের সম্পত্তির উপর সৃজনকৃত বাগান থেকে জোরপূর্বক গাছের ডালপালা কাটার সময়ে বাধা দিলে আমাদের ওপর হামলা করে। হামলায় তার স্ত্রী টুম্পা দে (২৩), ভাইয়ের স্ত্রী কাকলী (৩০), বোন শোভা রানী (৩০)-কে কুপিয়ে আহত করে। আমাকে এবং আমার ভাতিজীকেও বেদম মারধর করে তারা। এসময় মহিলাদের গায়ে থাকা স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এমনকি আহতদের হাসপাতালে নিয়ে আসার সময়েও তাদের বাধা দেয়া হয়। তখন ৯৯৯ ফোন করলে পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে। গুরুতর আহত অবস্থায় আহতদের প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছি। আমরা ভয়ে ও আতঙ্কে রয়েছি।
এই ঘটনায় অভিযুক্তদের এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগটি ইতিমধ্যেই মামলা হিসেবে গ্রহণ করে এজাহারনামীয় দুই আসামি নিজাম উদ্দিন ও শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
