ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
মাদকদ্রব্য রাখা ও বিতরণের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কুয়েতের হাওয়ালি প্রশাসনের নিরাপত্তা অধিদপ্তর। মাদক ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপারেশনস অ্যান্ড পেট্রোলস বিভাগের ভেহিকেল অপারেশনস সেকশনের সদস্যরা একটি খোলা পার্কিং এলাকায় ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখতে পান। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ যে, তিনি মাদকদ্রব্য বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মোবাইল ফোনের মাধ্যমে সেই স্থানগুলোর অবস্থান ক্রেতাদের জানিয়ে মাদক সরবরাহ করতেন।
তিনি আরও জানান, সালমিয়ায় তার বাসায়ও মাদকদ্রব্যের আরও একটি মজুত রয়েছে। পরে নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ওই বাসায় অভিযান চালান। সেখানে তল্লাশি করে অতিরিক্ত মাদকদ্রব্য ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে মোট ১০১টি হেরোইনের প্যাকেট, ২৫টি মেথামফেটামিনের প্যাকেট, মাদক ব্যবহারের চারটি সরঞ্জাম এবং একটি নির্ভুল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং জব্দ করা সব সামগ্রী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুয়েতে মাদকসহ গ্রেফতারকৃত এই ব্যক্তি হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী।
কুয়েতের সালমিয়া এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে কুয়েতের গণমাধ্যম ‘আরব টাইমস’ বিস্তারিত জানিয়েছে।
