নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া মুন্নি দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামিম হোসেনের মেয়ে।
মুন্নির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্নির মৃত্যু হয়েছে।
মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। মুন্নি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। এটি অত্যন্ত দুঃখজনক। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থী যেন হতাশ হয়ে অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ না নেয়, সেদিকে অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
