নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোড়াশাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বদিউজ্জামালপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং পূর্ব বড়ালী উদীয়মান তরুণ প্রজন্ম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনার পূর্বপাড়ের জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, মো. আব্দুল জলিল, আকবর হোসেন রনি, মামুনুর রশিদ, রাজু ও মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে।
