চাঁদপুর প্রতিবেদক :
চাঁদপুরে প্রতারণার মামলায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলার বাদীকেও আদালত অবমাননার অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সি/ডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) মূলে সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় প্রিন্স শাকিল আহমেদ ও তার বাবা আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী মো. কবির হোসেন লিটনের অভিযোগ, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য ৪২ লাখ টাকা দেওয়া হলেও তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় তিনি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আদালতে মামলা করেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।
এদিকে, আদালতের আদেশ ঘোষণার পর বাদী খুশিতে হাততালি দেন বলে আদালত সূত্রে জানা গেছে। এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বিচারক বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
