গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিহা আরেফিন হেলেন। জেলা পর্যায়ে সেরা হয়ে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।
শনিবার চাঁদপুর জেলা কালচারাল অফিসার ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার সদস্য সচিব দিতি সাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩,১৪ ও ১৫ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ১ম স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় কলেজ বিভাগে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সাবিহা আরেফিন হেলেন। জেলায় নির্বাচিত প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এর আগে উপজেলা পর্যায়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে রচনা প্রতিযোগিতা ১ম হয় হেলেন। ধারাবাহিক এ সাফল্যে হেলেনকে তার শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অভিনন্দন জানিয়েছেন।
হেলেন এ গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। তিনি বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানান।
সাবিহা আরেফিন হেলেন ফরিদগঞ্জ উপজেলার চরমঘুয়া গ্রামের খলিফা বাড়ির এমরান আরেফিন ও রেহেনা নাজনীন মিলির বড় মেয়ে। জেলা পর্যায়ে তার এ অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন তারা।
