২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুর প্রতিবেদক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্যেও প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর এলাকার মাছুয়াখালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের সদস্যরা হলেন– মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে হঠাৎ মো. জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও রান্নাঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও পাঁচটি রান্নাঘর পুড়ে গেছে। ঘরগুলোতে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, পোশাকসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ৫টি বসতঘর, ৫টি রান্নাঘর, স্বর্ণালংকারসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কোথায় থাকব, সেটাও জানি না।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top