ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. জামাল মিয়া । গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে সাউথ আফ্রিকার সময় আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া জীবিকার তাগিদে ৪-৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি কষ্টে অর্জিত অর্থে একটি ভ্যারাইটিজ সুপার শপের গড়ে তোলেন এবং নিজেই একজন কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। এ সময় দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হয়ে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী ও তিন সন্তান এবং বাবা-মা রয়েছেন জামাল মিয়ার সংসারে। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব।
নিহতের বাবা ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে যেন দ্রুত তার ছেলের মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রাম সিপাইকান্দিতে দাফন করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারটির আর্থিক ক্ষতিপূরণ এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
