১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরুল ইসলাম ফরহাদ : 

‘শূন্য থেকে শিখরে’ এই স্লোগানে প্রথম জিডিএস বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয় চলতি বছরের ১৬ মে। আর সফল সমাপ্তি হয় ৯ সেপ্টেম্বর। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮টি কিন্ডারগার্টেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিন রাউন্ড শেষে ফাইনালে অংশগ্রহণ করে রেনেসাঁ মডেল একাডেমি ও বিসমিল্লাহ কিন্ডারগার্টেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মিলনায়তনে সকালে শুরু হয় শিশু-কিশোরদের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব। বিতর্ক এবং পুরস্কার বিতরণ পর্যন্ত পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, “যারা বিতর্ক করে, তারা খুব সাহসী হয়। ক্ষুদে শিক্ষার্থীরা নিশ্চয়ই কারো মাধ্যমে শিখেছে। তাদের পরিবার এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজকদের ধন্যবাদ জানাই এই সুন্দর প্লাটফর্ম তৈরি করার জন্য। আমরা সম্ভব হলে এ মাসের মধ্যেই প্রাথমিক, মাধ্যমিক, ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু করব। গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারব। আমি আশা করছি এ মাসের মধ্যেই এটা সম্ভব। আশা করি এখান থেকে আমরা ভবিষ্যতে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে টিম পাঠাতে পারব। যদি সম্ভব হয় আস্তে আস্তে ইংরেজি বিতর্ক করতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। প্রথমে হয়তোবা অনেকেই পারবে না; তবে চর্চা অব্যাহত রাখলে একসময় হয়ে যাবে।” 

তিনি আরও বলেন, “ভালো ছাত্র আর ভালো বিতার্কিক এক নয়। ভালো বিতার্কিকের পাশাপাশি ভালো মানুষও হতে হবে। আমাদের সমাজ আজ বড়ই অস্থির। নীতি–নৈতিকতা অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা নিতে হবে। মসজিদের ইমামদেরও ভূমিকা নিতে হবে।” 

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও নুরুল ইসলাম ফরহাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক সোহেল খান, বিশিষ্ট শিক্ষানুরাগী বিল্লাল গাজী ও মাসুদ খান, কাওনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু তাহের, কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক মাও. জাকির হোছাইন ও তরুণ সমাজসেবক ফারুক খান প্রমুখ। 

অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ড্রিম স্কুল, মানসুরা মডেল একাডেমি, মোহাম্মদিয়া কিন্ডারগার্টেন। অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগীরা ছাড়াও উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

বিতর্ক প্রতিযোগিতা সফল করতে সংগঠনের উপদেষ্টা সদস্য শামীম হাসান, গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি ফয়সাল তাহসান, সাংগঠনিক সম্পাদক শ্রী বাঁধন কুমার শীল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য তাঈফুর ইসলাম, রাহমত তালুকদার, সাগর-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী দুই শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমি (পক্ষ দল), বিসমিল্লাহ কিন্ডারগার্টেন (বিপক্ষ দল)। পক্ষ দলের বিতার্কিকগণ: ১ম বক্তা আব্দুল্লাহ তাহসিন, ২য় বক্তা তাসনিয়া, দলনেতা মারিয়াম আসমাত মানহা। বিপক্ষ দলের বিতার্কিকগণ: ১ম বক্তা জারিন ফৌজিয়া, ২য় বক্তা আহমেদ রেজা, ৩য় বক্তা আয়েশা আক্তার রাইসা (দলনেতা)। 

ফাইনালে বিতর্কের বিষয় ছিল– ‘আদর্শ জাতিগঠনে পরিবারের চেয়ে বিদ্যালয়ের ভূমিকাই অধিক।’ চ্যাম্পিয়ন দল বিসমিল্লাহ কিন্ডারগার্টেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিসমিল্লাহ কিন্ডারগার্টেনের আহমেদ রেজা।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top