নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে লায়ন মো. হারুনুর রশিদ ফুলের তোড়া দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই রাজপথের একজন আপসহীন ও অকুতোভয় সৈনিক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের প্রতিটি কঠিন ও সংকটময় সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো প্রাজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় তৃণমূলের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান হবে।”
জবাবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উষ্ণ শুভেচ্ছার জন্য লায়ন মো. হারুনুর রশিদ ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে কখনো পিছু হটেনি। আগামী দিনে গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং দেশ গঠনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
