ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টায় মিছিলটি চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস মুন্সি বাড়ি ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এসে শেষ হয়।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলে স্লোগান, নাতে রাসূল, কাসিদা ও তাকবীরে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর। এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’, ‘প্রিয় নবীর জন্মদিন—আজকের মোদের খুশির দিন’, ‘বিশ্বের দেশে দেশে—মিলাদুন্নবী পালন করে’, ‘বাংলাদেশের জন্ম থেকে—মিলাদুন্নবী পালন করে’, ‘সুন্নত তরিকা—কায়েম হোক, কায়েম হোক’, ‘বিদআত তরিকা—ধ্বংস হোক, ধ্বংস হোক’, ‘বাংলাদেশ—জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘ছারছীনা দরবার শরীফ—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের সমাপনীতে বক্তব্য রাখেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।
ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মো. নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি মো. জিয়া উদ্দিন খন্দকার, সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মাওলানা মো. আবদুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ কাওছার আহমদ, মাওলানা মো. মজিবুর রহমান গাজী, মাওলানা মো. আবু বকর সিদ্দিক, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক আবু জাফর মো. আবু বকর, জেলা সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান, চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. সিয়াম পাটওয়ারী, ছাত্রনেতা মো. ইব্রাহীম পাটওয়ারী, মো. আবুল খায়ের, মো. আবদুর রহমান, মো. ইয়াছিন আরাফাত, হাফেজ মো. শামীম আহমদ প্রমুখ।
পরে চাঁদপুর পৌরসভার মির্জাপুর এলাকায় অবস্থিত ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনন্দ মিছিলের সমাপ্তি হয়। উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
