মুনির হোসাইন জুয়েল, জার্মানি :
জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের আইফেল অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত হুর্টগেনভাল্ড এলাকার দিকে এগিয়ে যাওয়ায় গেই এলাকার প্রায় ১ হাজার ৮০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল দ্রুত বিস্তার লাভ করছে। দুপুরের দিকে আগুন বসতিপূর্ণ এলাকা থেকে মাত্র ১৫০ থেকে ২০০ মিটার দূরে অবস্থান করছিল। পরিস্থিতির অবনতিতে এলাকাটিকে বড় ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র সক্রিয় করা হয়েছে।
প্রাথমিকভাবে প্রায় ২৫ হেক্টর বনভূমিতে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা ব্যাপকভাবে বিস্তৃত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ও জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে শত শত ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। আগুন নেভাতে হেলিকপ্টারের পাশাপাশি পুলিশ, ফেডারেল সহায়তাকারী বাহিনী এবং জার্মান সেনাবাহিনী মাঠে রয়েছে।
দুর্গম বনাঞ্চলে আগুনের বিস্তার ঠেকাতে ফায়ার ব্রেক তৈরি করা হচ্ছে। এ কাজে সেনাবাহিনীর ভারী যানবাহনও ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কৃষক ও বনকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে জরুরি সহায়তা দিচ্ছেন।
হুর্টগেনভাল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তীব্র যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল। ফলে ওই বনাঞ্চলের মাটির নিচে এখনও অবিস্ফোরিত যুদ্ধের গোলাবারুদ থাকার আশঙ্কা রয়েছে।
দাবানলের মধ্যে এসব পুরোনো গোলাবারুদের কিছু বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকলকর্মীদের ঝুঁকি আরও বেড়েছে।
দাবানলের কারণে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বাতাসের গতিপথ ও দিক পরিবর্তনের সঙ্গে আগুনের গতিবিধিও বদলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে আশপাশের আরও এলাকায় প্রয়োজন হলে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
এখনও আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিপুলসংখ্যক জরুরি কর্মী ও বিভিন্ন সংস্থার সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন যাতে নতুন করে বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
