বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চক্ষু হাসপাতাল, চাঁদপুরের ব্যবস্থাপনায় সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত দিনব্যাপী এই বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি চলাকালে বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর চোখের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।
চক্ষু পরীক্ষা শেষে যেসব শিক্ষার্থীর চোখে সামান্য সমস্যা পাওয়া গেছে, তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ এবং প্রেসক্রিপশন অনুযায়ী চশমা প্রদান করা হয়। এছাড়া যেসব শিক্ষার্থীর চোখে জটিল বা গুরুতর সমস্যা শনাক্ত হয়েছে, তাদেরকে বিএনএসবি চক্ষু হাসপাতালে থেকে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসা দেওয়ার আশ্বাস প্রদান করেন দায়িত্বরত চিকিৎসকরা।
এসময় চিকিৎসাসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. আল আমিন, সিনয়র অফথ্যালমিক প্যারামেডিক ও রিফ্রাকশনিস্ট সঞ্চয় কুমার দাস, অফথ্যালমিক প্যারামেডিক (ডিএমএফ) সঞ্জীব চন্দ্র, মেল হেলপার মো. মিলন সরদার, ইমরান হোসেন প্রধান প্রমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শিশুদের চোখ সুরক্ষায় এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
