নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা জলহক পাটওয়ারী বাড়ির পুনঃনির্মিত পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পূর্বে নবনির্মিত মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও উদ্বোধক, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান। উদ্বোধন শেষে তিনি দলীয় নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যাহ সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুস।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী, ১১ নম্বর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেন মিন্টু, ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, ১০ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি, ১১ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আইয়াম, ৩ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আকবর হোসেন, ২ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মানবিকতা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম। আমরা যদি মসজিদকেন্দ্রিক শিক্ষা, শৃঙ্খলা ও ইসলামের আদর্শকে ধারণ করি, তাহলে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও বিভেদ দূর হবে। এই মসজিদ যেন নামাজ আদায়ের পাশাপাশি দ্বীনি শিক্ষা, সামাজিক ঐক্য ও মানবকল্যাণের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে—সেই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা যেন এ মসজিদের সঙ্গে সম্পৃক্ত সকলের দান ও শ্রম কবুল করেন।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম হাঁসা বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব।
