২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ : 

শহীদদের আত্মত্যাগের ঋণ পরিশোধ এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক ও বিজয়ের আবহে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

সমাবেশের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পেছনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে লায়ন হারুন বলেন, “জুলাই বিপ্লব হঠাৎ করে একদিনে সংঘটিত হয়নি। এটি ছিল দীর্ঘ ১৭ বছরের পুঞ্জীভূত জনরোষ ও ক্ষোভের বিস্ফোরণ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে ফরিদগঞ্জের ৩ জন বীর সহযোদ্ধাসহ সারাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক তাজা প্রাণ ঝরে গেছে। তাদের সবার রক্তের বিনিময়েই আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি।” 

দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। আপনারা যদি সুশৃঙ্খল থাকেন এবং সঠিক পথে পরিচালিত হন, তবে বিএনপি যেমন দেশবাসীকে এগিয়ে নিয়ে যাবে, তেমনি আপনাদের ভবিষ্যৎকেও সমৃদ্ধ করবে। আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করি না। অতীতেও আমি ফরিদগঞ্জ থেকে এক পয়সাও নিইনি। আপনারা অতীতে পাশে থাকার অনুরোধ করেছিলেন, আজ আমি কথা দিচ্ছি– জীবনের শেষদিন পর্যন্ত ফরিদগঞ্জবাসীর পাশেই থাকব।” 

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মো. মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল খান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বাছির আহমেদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর বিএনপি নেতা মো. টুটুল পাটওয়ারী, বিল্লাল হোসেন কোম্পানি, পিয়ার আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, এই মহাসমাবেশে ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top