মাসুদ সামাদ, সৌদি আরব প্রতিনিধি :
সৌদি আরবের হাফার আল-বাতেন ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য দুই দিনের কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট ২০২৬ (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইন্ডেরাহা নুরাত, আব্দুর রহমান বিন আব্দুল আজিজ, হারা আল তোওয়ালা, হাফার আল-বাতেনে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে নিজ উদ্যোগে অনলাইনে ই-পাসপোর্টের আবেদনপত্র পূরণ করে আবেদন জমা দেওয়া যাবে। অক্টোবর ২০২৬ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টধারীরা ৩১ জুলাই এবং নভেম্বর, ডিসেম্বর ২০২৬ ও পরবর্তী সময়ের অ্যাপয়েন্টমেন্টধারীরা ১ আগস্ট উপস্থিত হয়ে আবেদন জমা দিতে পারবেন। তবে ৬ মাসের বেশি পুরোনো আবেদন গ্রহণ করা হবে না।
এছাড়া ক্যাম্পে পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট প্রদান, বিভিন্ন কনস্যুলার নথি সত্যায়ন, আমমোক্তারনামা সম্পাদন এবং পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয় পত্র ইস্যুসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে।
একইসঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসীকল্যাণ কার্ড, স্পেশাল এক্সিট প্রোগ্রাম (SEP)-এর আওতায় সেবা, আইনগত পরামর্শ এবং মৃতদেহ দাফনসংক্রান্ত প্রক্রিয়াকরণসহ বিভিন্ন শ্রমকল্যাণ সেবাও পাওয়া যাবে।
অন্যদিকে, সোনালী ব্যাংক পিএলসি ক্যাম্পে মাত্র ১০ মিনিটে বিনামূল্যে সঞ্চয়ী হিসাব খোলা, ই-ওয়ালেট নিবন্ধন এবং বিভিন্ন সঞ্চয় ও বিনিয়োগ স্কিমের সুবিধা প্রদান করবে।
দূতাবাস কর্তৃপক্ষ গরমের কারণে সেবাগ্রহীতাদের পর্যাপ্ত পানি ও ছাতা সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি পাসপোর্ট গ্রহণের সময় পুরোনো পাসপোর্ট এবং মূল টাকা জমার রশিদ সঙ্গে আনার জন্যও অনুরোধ করা হয়েছে।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
