১.
যদি কখনও আবার ফের দেখা হয়,
চোখে চোখ পড়ে,
লজ্জা পাবে না?
যদি কোনোদিন হঠাৎ দেখা হয়,
তখন কি মুখ তুলবে?
মানুষের মতো দাঁড়াবে তো?
এত নিষ্ঠুরতা, বর্বরতা, হায়েনার দল,
তোমরা কি এখনও নিজেদের মানুষ ভাবো?
মানবসভ্যতা এখনও পুরোপুরি মরে যায়নি;
এখনও কিছু মানুষ
ভালোবাসা, বিবেক আর প্রতিবাদের পাশে দাঁড়ায়।
বেলা ফুরাবার আগে– সময় ফুরিয়ে আসছে,
টের পাও না?
প্রতিদিন সবের নামে যে বিষ পান করো,
সেই বিষপানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো।
২. নিষ্ফল অপেক্ষা
কিছুক্ষণ পলকহীন দৃষ্টি শেষে–
কী যেন বলতে চেয়ে থমকে গিয়ে,
তুমি চলে গেলে
উত্তর দিকে উত্তরহীন চোখে।
আমি থেমে থাকি পথের প্রান্তে!
নিশ্চুপ নতমুখে!
গ্রীষ্মের প্রখরে, বর্ষার অঝোরে,
কত অভিমান শুকিয়ে
থেমে গেছে ঝড়ো হাওয়া।
বসন্তের ছোঁয়ায়
প্রহর কেটে যায়,
ক্ষোভে আর ক্ষমায়।
পূর্নিমার রাতগুলো তবুও জমা থাকে তোমার অপেক্ষায়।
৩.
হেঁটেছি একা—
না বন্ধু ছিল, না প্রেরণা,
শুধু ভাঙা হৃদয় আর ক্লান্ত পা,
নীরব আঁধারে নিজেকেই বলেছি,
“ভেঙে পড়িস না, আর একটু এগো।”
যখন পৃথিবী ব্যস্ত ছিল উৎসবে,
আমি চুপচাপ ভিজেছি নিঃসঙ্গ বৃষ্টিতে।
কারো মনেই আসেনি—
এই ছায়াটারও ছিল একটা নাম,
একটা গল্প,
একটা অশ্রুভেজা ইতিহাস।
ভিতরে লুকানো অগণিত ক্ষত নিয়ে,
তবুও দাঁড়িয়ে আছি আজ।
৪.
মানুষ ভাবে জীবন শুধু একটাই।
অথচ এই এক জীবনের ভেতরে
কত যে আলাদা আলাদা জীবন বাস করে—
একটা জীবন কাউকে পাওয়ার আশায় কাটে,
একটা জীবন না-পাওয়ার শূন্যতায়,
আরেকটা জীবন
সব ঠিক আছে এমন অভিনয় করতে করতে।
সময় বদলায়।
তোষকের গন্ধ বদলায়,
বালিশের পাশে ঘুমিয়ে থাকা স্বপ্ন বদলায়,
প্রিয় বইয়ের পাতায় ধুলো জমে,
প্রিয় গাছ একদিন নীরবে শুকিয়ে যায়।
শুধু কিছু মানুষ থাকে—
অদ্ভুতভাবে থেকে যায়।
স্পর্শে নয়, উপস্থিতিতেও নয়,
থেকে যায় অভ্যাস হয়ে,
নিঃশব্দ কষ্ট হয়ে,
হঠাৎ মাঝরাতে মনে পড়ে যাওয়া কোনো নাম হয়ে।
মানুষ চলে যায়,
কিন্তু কিছু মানুষ
কখনও পুরোপুরি ফুরিয়ে যায় না।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
