ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
‘আর নয় মাদক হাতে, চলো যাই খেলার মাঠে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পানিয়ালা প্রিমিয়ার লিগ সিজন-৬ মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ট্রাইব্রেকারে জমাদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল একাদশকে ৭-৬ গোলে পরাজিত করে দারুণ জয় তুলে নিয়েছে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করায় খেলার নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি।
পানিয়ালা প্রবাসী ফোরামের পৃষ্ঠপোষকতায় এবং পানিয়ালা সংশপ্তক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে একটি রেফ্রিজারেটর পুরস্কার হিসেবে দেওয়া হবে। পাশাপাশি সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে বিশেষ সম্মাননা।
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
