ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে হাজীগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় মো. রাসেল মিজিকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ মিজিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে তাদের পৃথক দুটি ঘটনায়, ভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ মিজি কয়েকদিন আগে একই ধরনের রাজনৈতিক অভিযোগে গ্রেফতার হওয়া নূরেজ্জামান ভূঁইয়া সোহাগের শ্যালক।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদালের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিজিকে গ্রেফতার করে। ৩০ বছর বয়সী রাসেল মিজি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের প্রবাসী মো. গিয়াসউদ্দিন ইউসুফের ছেলে।
অন্যদিকে, গ্রেফতার হওয়া মোহাম্মদ মিজির বয়স ২২ বছর। তিনি উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মুন্সী বাড়ির নয়াহাট বাজারের মুদি ব্যবসায়ী আবুল কালাম মিজির ছেলে।
পৃথক ঘটনার বিবরণে পুলিশ সূত্র জানায়, গত ৬ অক্টোবর হাজীগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রাসেল মিজিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি গোপনে সংগঠন পুনর্গঠন এবং সরকারবিরোধী সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতায় যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সম্ভাব্য নাশকতার পরিকল্পনা প্রতিরোধে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের বিশেষ তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
