২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিয়াস বকুল : 

আচ্ছা, হচ্ছেটা কী এসব? চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হাজীগঞ্জ। চাঁদপুর-চট্টগ্রাম ভায়া কুমিল্লা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই শহরটি প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চলাচলে ব্যস্ত থাকে। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রেও হাজীগঞ্জের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

এমন একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ শহরের প্রধান সড়ক যখন চার লেনে উন্নীত হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা—সড়কটি হবে নিরাপদ, টেকসই ও পরিকল্পিত। কিন্তু সড়কের আরসিসি ঢালাইয়ের সঙ্গে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটির যে অদ্ভুত সহাবস্থান দেখা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

একটি ব্যস্ত চার লেন সড়কের চলাচলের জায়গার মধ্যে বিদ্যুতের খুঁটি রেখে সড়কের কাজ সম্পন্ন করা কতটা নিরাপদ ও প্রকৌশলসম্মত—এ প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেই আসা প্রয়োজন।

রাস্তার ওপর বা একেবারে চলাচলের পরিসরের মধ্যে থাকা এসব বিদ্যুতের খুঁটি ভবিষ্যতে মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। একই সঙ্গে সড়ক রক্ষণাবেক্ষণ, সংস্কার কিংবা পুনঃনির্মাণের সময়ও এসব খুঁটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ফলে এখনই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

নগরায়ণ মানে শুধু রাস্তা প্রশস্ত করা কিংবা আরসিসি ঢালাই করা নয়; এর সঙ্গে নিরাপদ সড়কব্যবস্থা, বিদ্যুৎ অবকাঠামোর সঠিক অবস্থান, পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণের বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ– সড়কের কাজ সম্পন্ন হওয়ার আগেই বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করা হোক। প্রয়োজন অনুযায়ী রাস্তার চলাচলের অংশ থেকে বিদ্যুতের খুঁটিগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হোক। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে ভবিষ্যতে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজও সহজ হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদয় দৃষ্টি কামনা করছি।

আজকের এই অসংগতিকে যদি এখনই পরিকল্পিতভাবে সমাধান করা না হয়, তাহলে ভবিষ্যতে হাজীগঞ্জবাসী হয়তো একটি উন্নত চার লেন সড়কের বদলে এমন এক ‘মরণফাঁদ’ দেখতে বাধ্য হবে, যা উন্নয়নের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করবে।

উন্নয়ন হোক; তবে তা হোক নিরাপদ, পরিকল্পিত ও ভবিষ্যৎমুখী।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top