২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে জায়গাসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী মনির হোসেনের পরিবারকে নিজ ভিটায় বসতঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও বাধার মুখে বর্তমানে অসহায় পরিবারটি জরাজীর্ণ বসতঘরে চরম মানবেতর জীবনযাপন করছে। 

ভুক্তভোগী প্রবাসী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর পরিবারের সাথে তার ভাইদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রবাসী পরিবারটি তাদের নিজস্ব খরিদা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভিটায় মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন বসতঘর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষরা তাতে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে। 

এ বিষয়ে প্রবাসীর মনির হোসেনের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার স্বামী প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে ঘর করার জন্য টাকা পাঠিয়েছেন। কিন্তু তার ভাই ও বোনেরা অন্যায়ভাবে আমাদের নিজেদের জায়গায় ঘর তুলতে দিচ্ছে না। তারা আমাদের নির্মাণসামগ্রী নষ্ট করছে এবং আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। ঘর বানাতে না পেরে জরাজীর্ণ ভাঙা চালার নিচে ছেলে ও মেয়ে নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতা ও কষ্টের মধ্যে দিন পার করছি। আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে এই অন্যায়ের বিচার এবং আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 

স্থানীয় এলাকাবাসী নেছার আহম্মদ জানান, প্রবাসী মনিরের সব ভাইয়েরা পৈত্রিক সম্পত্তির ওপর বসতঘর নির্মাণ করে থাকলেও জোরপূর্বক একটি পরিবারকে ঘর তুলতে না দিয়ে এভাবে উচ্ছেদ বা অবরুদ্ধ অবস্থায় রাখা কোনোভাবেই কাম্য নয়। অসহায় পরিবারটির এই মানবিক বিপর্যয় দেখে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে প্রবাসী পরিবারটি নিরাপদে তাদের ঘর নির্মাণ সম্পন্ন করতে পারে। 

প্রতিপক্ষরা বলেন, জায়গা নিয়ে বিরোধ চলছে, প্রাণনাশের হুমকি-ধমকি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় শালিসগণ মাপ-জরিপ করে এই জায়গা আমাদের দিয়েছে তাই তাদের ঘর করতে দিচ্ছি না।

এদিকে ভুক্তভোগী পরিবারটি নিজ বসত ভিটায় ঘর নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top