ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজার ছুটি পুনঃনির্ধারণ করে ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৭ অক্টোবরকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এদিকে, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে যথাযথভাবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
