ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
মানবিকতার বন্ধনে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে তৃতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে অনন্যা যুব নারী কল্যাণ সংঘ। সংগঠনটির এ উদ্যোগে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। অসচ্ছল ও সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নয়াহাট বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রোগে আক্রান্ত নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসকদের পরামর্শ গ্রহণের পাশাপাশি রোগীরা বিনামূল্যে ওষুধ ও ডায়াবেটিস পরীক্ষা করার সুযোগ পান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল। তিনি মেডিসিন, বাতব্যথা ও হৃদরোগসংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদের পরামর্শ দেন। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও মাইক্রোসার্জন ডা. মো. হানিফুর রহমান চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
এছাড়া চাঁদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডা. মো. কামরুল হাসান মেডিসিন, নবজাতক ও শিশুস্বাস্থ্য বিষয়ে রোগীদের পরামর্শ দেন। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার বলেন, “তিন শতাধিক রোগী এদিন আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বিগত বছরগুলোর মতো এবারও আমরা সফলভাবে এ আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আমাদের সংগঠনের মূল ব্রত হচ্ছে জনসাধারণের জন্য কাজ করা, মানবিক কাজ করা। আমরা মানুষের পাশে থাকতে চাই, বিশেষ করে যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের জন্য কিছু করতে চাই।”
তিনি আরও বলেন, “আগামীতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আমরা যেন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করতে পারি, সে জন্য সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”

এসময় অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এ মানবিক উদ্যোগের প্রতি শুভকামনা জানান বিশিষ্ট ব্যাংকার ও বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
রোগীরা বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষার মতো উদ্যোগ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে। বিনামূল্যে আমরা সেবা পেয়েছি, বড় বড় ডাক্তার দেখাতে পেরেছি, ঔষধ পেয়েছি। আমরা ভীষণ খুশি। এসব কাজে সমাজের বিত্তবান ব্যক্তি, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সহজ হতে পারে।
মানবিকতার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনের সময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোর মতো কাজই একটি সুন্দর ও সহমর্মী সমাজ গঠনে ভূমিকা রাখে। অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এ উদ্যোগ সেই মানবিক চেতনারই একটি উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকলে ফরিদগঞ্জের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই আয়োজনে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সবকিছু সফলভাবে সম্পন্ন করেছেন।
