ফাতেমাতুজ জান্নাত :
চাঁদপুর সদর উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছয়টি পুরস্কার অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চাঁদপুর শাখার শিক্ষার্থীরা। কিরাত, হামদ-নাত ও আজান—এই তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে মাদরাসাটির চার শিক্ষার্থী এ সাফল্য অর্জন করে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর সদর উপজেলার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কিরাতের ‘ক’ গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রথম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুস্তাফিজ দ্বিতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশফাক এলাহী দ্বিতীয় স্থান লাভ করে।
হামদ-নাতের ‘খ’ গ্রুপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহমাদ বিন কবির দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, আজান প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে আব্দুল্লাহ আল মামুন এবং ‘খ’ গ্রুপে ইশফাক এলাহী দ্বিতীয় স্থান অর্জন করে।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন বলেন, “আমাদের শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইসলামী সংস্কৃতি চর্চা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন এ ধরনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপপরিচালক মো. সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর সদরের ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
