মোস্তফা কামাল যাত্রা :
প্রিয় ফরিদগঞ্জ উপজেলা নিবাসী সর্বস্তরের জনগণ,
আসসালামু আলাইকুম।
ফরিদগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলার মানচিত্রে পূর্ব ও পশ্চিম সুবিদপুর ইউনিয়নদ্বয়ের অবস্থান এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে দূরত্ব বিবেচনায় এ অঞ্চলের জনগণের সরকারি ও নাগরিক সেবা গ্রহণ দীর্ঘসূত্রতা, সময়ক্ষেপণ ও নানা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভূমি-সংক্রান্ত জটিলতা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার এবং প্রশাসনিক বহুমাত্রিক সেবা গ্রহণের ক্ষেত্রে দূরত্ব একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা। প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় এই ভোগান্তি আরও প্রকট হয়ে ওঠে।
এ অবস্থায় জনগণের নাগরিক অধিকার ও সরকারি সেবায় প্রবেশগম্যতা সহজতর করার লক্ষ্যে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে দূরত্ব বিবেচনায় একটি নতুন উপজেলা প্রতিষ্ঠার যৌক্তিকতা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
প্রস্তাবিত নতুন উপজেলায় পূর্ব ও পশ্চিম সুবিদপুর ইউনিয়নের পাশাপাশি গুপ্টি, পাইকপাড়া, বালিথুবাসহ মোট ৮টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে।
আমার জন্মগ্রাম পূর্ব সুবিদপুর ইউনিয়নের ‘সুবিদপুর’ গ্রামের অধিবাসীদের দীর্ঘদিনের নাগরিক ভোগান্তির বাস্তব চিত্র একজন সচেতন অধিবাসী হিসেবে পর্যালোচনা করে প্রস্তাবিত নতুন উপজেলার নাম হিসেবে আমি ‘সুবিদপুর উপজেলা’ নামটি প্রস্তাব করছি।
কেন সুবিদপুর উপজেলা?
প্রস্তাবিত নতুন উপজেলা বাস্তবায়িত হলে বর্তমান ফরিদগঞ্জ উপজেলার অবশিষ্ট ৮টি ইউনিয়ন—গোবিন্দপুর (উত্তর), গোবিন্দপুর (দক্ষিণ), চরদুঃখিয়া (পূর্ব), চরদুঃখিয়া (পশ্চিম), ফরিদগঞ্জ (উত্তর), ফরিদগঞ্জ (দক্ষিণ), রূপসা (উত্তর) ও রূপসা (দক্ষিণ)—এর জনগণের ওপর উপজেলা প্রশাসনিক সেবার চাপ কমবে এবং একই সঙ্গে উভয় অঞ্চলের মানুষের সরকারি সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
অন্যদিকে প্রস্তাবিত ৮টি ইউনিয়নের অধিবাসীরা উপজেলা-কেন্দ্রিক নাগরিক সেবার আওতায় কম সময়ে, কম ব্যয়ে এবং কম ভোগান্তিতে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগ লাভ করবেন।
অতএব, ‘সুবিদপুর উপজেলা’ প্রতিষ্ঠা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়; এটি জনগণের নাগরিক অধিকার, সেবাপ্রাপ্তির সহজতা এবং জনদুর্ভোগ লাঘবের একটি যৌক্তিক দাবি।
এই দাবিকে বাস্তব ও জনমুখী উদ্যোগে পরিণত করতে ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, মতামত, ঐক্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘সুবিদপুর উপজেলা বাস্তবায়ন উদ্যোগ’ জনদুর্ভোগ লাঘব, নাগরিক মতামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে এই যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি নাগরিক অধিপরামর্শ কেন্দ্র হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
স্থানীয় সরকারের নাগরিক সেবা আরও সহজ, কার্যকর, সময়োপযোগী ও জনমুখী করার লক্ষ্যে এবং ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের জনগণের সেবাপ্রাপ্তির সুযোগ আরও সুসংগঠিত করতে—বাস্তবায়ন করা হোক প্রস্তাবিত ‘সুবিদপুর উপজেলা’। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি।
সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণের ঐকান্তিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
বিনীত সম্ভাষণসহ—
প্রস্তাবক :
মোস্তফা কামাল যাত্রা
আব্বাস আলী পাটওয়ারী বাড়ি, সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর।
নির্বাহী পরিচালক, ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস / UTSA)।
শিক্ষক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
