বিশেষ প্রতিনিধি :
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুলহাস মিয়া (৩৩), মো. আলী আকবর (৩৫), আনোয়ার হোসেন (৪২), মো. নাসির (৩৩), মো. শফিউল আলম (৪৮), মো. জাফর মিয়া (৫৫), কামরুন নাহার (১৯) ও আয়না বিবি (১৯)।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
