নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় ফরিদগঞ্জ পৌরসভার আরাফাত হোটেল এন্ড পার্টি সেন্টারের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান খান, মাওলানা আবু তাহের তালুকদার, হাফেজ মো. সোহাইল আহমেদ চিশতী ও মুফতি মো. আনোয়ার হোসেন আমিনী, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ মো. শহিদ উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সবশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
