ফরিদগঞ্জ আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব
আলাউদ্দীন বিন সিদ্দিক : চাঁদপুরের ফরিদগঞ্জের পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) আসছেন সৌদি আরব ও দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকীর আমন্ত্রণে তিনি মাদরাসাটি সফর করবেন। সফরকালে তিনি মাদরাসার শিক্ষার্থীদের মাশক্বুল কুরআনের বিশেষ ক্লাস পরিচালনা করবেন। শিক্ষার্থীদের তিলাওয়াতের শুদ্ধতা, মাখরাজ ও তাজবিদের বিভিন্ন বিষয়ে তিনি দিকনির্দেশনা দেবেন। বিশ্বজয়ী একজন হাফেজের কাছ থেকে সরাসরি মাশক্বুল কুরআনের ক্লাস করার সুযোগ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাফেজ নাজমুস সাকিবের আগমনকে কেন্দ্র করে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তার এই সফর শিক্ষার্থীদের কুরআন হিফজ ও তিলাওয়াতের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কুরআনের প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ আরও বৃদ্ধি করবে।
