“বিএনপি শুধু একটি দল নয়, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার শক্তি” —লায়ন হারুনুর রশিদ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলার বিআরডিবি মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। বক্তব্যে তিনি বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়; দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসা একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা।” তিনি আরও বলেন, “যারা ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করেছে, তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পিছনের দিকে চলে যাবে। জনগণের আস্থা অর্জন করতে হলে বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে এবং দলকে সুসংগঠিত করতে হবে।” অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার দিন। দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে বিএনপির আদর্শ ও লক্ষ্যকে মানুষের কাছে তুলে ধরতে হবে।” এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী এবং জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলী মৃধা, নাজিম উদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু, যুগ্ম আহ্বায়ক আল আমিন বেপারীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।


