১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ৫, ২০২৬

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের ঘোড়াশালায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

চাঁদপুর প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব ঘোড়াশালা যুব সংঘ একাদশের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঘোড়াশালা আঞ্চলিক মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  ফাইনালে লাউতলী ও ঘোড়াশাল টিমের মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে লাউতলী ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া। বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার শামসুল আলম রনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক খান, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূর্ব ঘোড়াশালা যুব সংঘ একাদশের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রবাসী বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম পাটওয়ারী।  অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। তাই প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার শিক্ষাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

ফরিদগঞ্জে কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জে আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার মনির পাটোয়ারী ছাড়াও রোকেয়া বেগম, প্রকাশ রায়, মাসুদ খন্দকারসহ স্থানীয় ব্যবসায়ী ও সচেতনমহল বক্তব্য দেন।  মানববন্ধনে বক্তারা বলেন, আষ্টা বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। হামলার বিষয়ে মনির পাটোয়ারী জানান, গত ২৫ আগস্ট আমি আমার সম্পত্তিতে হালচাষ করার সময় কয়েকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মিজানুর রহমানকে আটক করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। এতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্লাত পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, মনির হোসেন পণ্ডিত, রহমত বেপারী, আব্দুস ছাত্তার পাটোয়ারী, আব্দুল মান্নান পাটোয়ারী, বিল্লাল ভূঁইয়া, আতিক ভূঁইয়া, সাইফুল বেপারী, ফয়সাল মিজি ও সোহাগ পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এই ঘটনায় গত ২৬ আগস্ট মনির পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান। 

Scroll to Top