১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ২, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, বিশেষ সংবাদ

শাহরাস্তিতে খাল খননে ব্যতিক্রমী নজির, বেঁচে যাওয়া ৪০ লাখ ফেরত

নিজস্ব প্রতিবেদক : পাবলিক ফান্ডের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে উপজেলার দুটি খাল সফলভাবে খনন করার পর অবশিষ্ট ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শুধু অর্থ সাশ্রয়ই নয়, সুষ্ঠু পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন সংশ্লিষ্টরা। ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে শাহরাস্তি উপজেলার ‘খদ্দের খাল’ (ডাকাতিয়া নদীর খোর্দ্দ হতে মোড়াগাঁও বটতলা শৈলখালী খাল পর্যন্ত) এবং ‘নওড়া-মেহের গোদা খাল’ খননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প দুটির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ রাখা হয়েছিল মোট ৪ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে ‘খদ্দের খাল’ খননে বরাদ্দ ছিল ৩ কোটি ৯ লাখ ২ হাজার ৪৭০ টাকা এবং ‘নওড়া-মেহের গোদা খাল’ খননে বরাদ্দ দেওয়া হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। ​উপজেলা প্রশাসনের স্বচ্ছতা ও নিবিড় তদারকির মাধ্যমে প্রকল্প কাজ সম্পন্ন শেষে দেখা যায়, নির্ধারিত লক্ষ্যের চেয়েও কম খরচে কাজ শেষ করা সম্ভব হয়েছে। খদ্দের খাল খননে খরচ হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা এবং নওড়া-মেহের গোদা খাল খননে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ১৯৪ টাকা। দুই প্রকল্প মিলিয়ে মোট ব্যয়ের পর উদ্বৃত্ত থাকা অবশিষ্ট ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়। ​শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান, প্রাথমিকভাবে প্রকল্প দুটির আওতায় ১৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা ও বাজেট ধরা হয়েছিল। তবে বাজেট সাশ্রয় করেও দক্ষতার সাথে আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহারের মাধ্যমে বাস্তবে প্রায় ২১ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা সম্ভব হয়েছে। নারী শ্রমিকের অংশগ্রহণের নির্ধারিত শর্ত বজায় রাখার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক কাজ করায় একদিকে যেমন সময় বেঁচেছে, অন্যদিকে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।​উপজেলা প্রশাসনের এই নজিরবিহীন সততা, কর্মদক্ষতা ও অর্থ সাশ্রয়ের বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ ৮ আগস্ট শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা খাতুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সম্মানসূচক আমন্ত্রণ জানানো হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, অর্থ সাশ্রয় এবং প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রত্যক্ষ আলোচনা হয়।​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, সাধারণত উন্নয়ন প্রকল্পে বাজেট বৃদ্ধির প্রবণতা দেখা গেলেও শাহরাস্তিতে বরাদ্দকৃত টাকা বাঁচিয়ে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি কাজ করা এবং উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় তহবিলে ফেরত দেওয়ার ঘটনা সারাদেশে সরকারি প্রকল্প বাস্তবায়নে এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চ: ফরিদগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

মো. ইয়াছিন পালোয়ান :  আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রচারণা ও গণসংযোগ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।  বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় নেতাকর্মীরা লিফলেটের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে দাওয়াত দেন। প্রচারণাকালে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে তারা জনসাধারণের সঙ্গে গণসংযোগ করছেন। এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তারা। এসময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

মসজিদে আজানে বাধা দেওয়ার অভিযোগের মামলায় আলোচিত বাচ্চু মৃধা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মারামারি ও আজানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত বাচ্চু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিক তাকে গ্রেফতার করেন বলে থানা সূত্রে জানা গেছে।  পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেট জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মৃধা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বাচ্চু মৃধাকে একমাত্র বিবাদী করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ২ জুলাই বিকেলে আসরের নামাজের সময় মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে বাচ্চু মৃধার সঙ্গে মুয়াজ্জিন আমির হোসেন, পেশ ইমামসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ২ থেকে ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।  এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই বাচ্চু মৃধাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ঘোড়াশালা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও সেটু কুমার বড়ুয়া 

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘোড়াশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি উক্ত স্কুল পরিদর্শনে যান।  পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।  এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, স্থানীয়দের মধ্যে মিজানুর রহমান পাটওয়ারী, আমজাদ রহমান, আব্দুর রহিম প্রমুখ।  বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথা জানান ইউএনও। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে দেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

আজকের সংবাদ, খেলাধুলা, জাতীয়

তাওহীদ হৃদয়ের ইতিহাসগড়া ট্রিপল সেঞ্চুরি

মো. রাকিবুল ইসলাম : দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা এ-দলের বিপক্ষে পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচের চতুর্থ দিনে আগের দিনের ২০৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ এ-দলের অধিনায়ক হৃদয়। এরপর দারুণ ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হৃদয়ের এই ইনিংস শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিই নয়, এটি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসেও বিশেষ এক মাইলফলক। এর আগে দেশের মাটিতে রকিবুল হাসান ৩১৩ এবং তামিম ইকবাল ৩৩৪ রান করে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। আরও চমকপ্রদ বিষয় হলো, হৃদয় নিজের আগের প্রথম শ্রেণির সর্বোচ্চ ২১৭ রান ছাড়িয়ে যান এই ইনিংসে। একই সঙ্গে বাংলাদেশ এ-দলের হয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের আগের রেকর্ড ২১৮ রানও পেছনে ফেলেন তিনি। হৃদয়ের এই দুর্দান্ত ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রেজাউর রহমান রাজা। বাংলাদেশ এ-দল যখন ৮ উইকেটে চাপে ছিল, তখন রেজাউরকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান হৃদয়। ট্রিপল সেঞ্চুরি পূরণের পরও তার ব্যাট থামেনি; ৩৩৩ রানে চা-বিরতিতে অপরাজিত ছিলেন তিনি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে হৃদয়ের এই ইনিংস বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল। দেশের বাইরে এমন দীর্ঘ ও ধৈর্যশীল ইনিংসের মাধ্যমে তাওহীদ হৃদয় নিজের ব্যাটিং সামর্থ্যের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

আজকের সংবাদ, প্রবাস, রাজনীতি

তারেক রহমানের জাতিসংঘে ভাষণ ঘিরে নিউ জার্সি বিএনপির প্রস্তুতি, ৯ সেপ্টেম্বর সভা

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ জার্সি স্টেট বিএনপি (সাউথ), আমেরিকার উদ্যোগে আগামী ৯ সেপ্টেম্বর আলোচনা ও পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।  একই সঙ্গে বিএনপির নেতা তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান এবং তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত নেতৃবৃন্দের মতবিনিময় সভাকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বরের এ মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন আফ্রিকা, ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভায় তারেক রহমানের নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর বক্তব্যকে ঘিরে নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সমন্বিতভাবে অংশগ্রহণের বিষয়েও মতবিনিময় করা হবে। আয়োজকরা জানান, তারেক রহমানের নিউইয়র্কে আগমনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় কর্মসূচি নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে দলের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তারেক রহমানের বক্তব্য এবং যুক্তরাষ্ট্র ও কানাডার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সম্ভাব্য মতবিনিময়কে সামনে রেখে এ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। 

আজকের সংবাদ, প্রবাস, রাজনীতি

যুক্তরাষ্ট্র-কানাডার বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রিজভী আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির নেতা তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো বক্তব্য প্রদানকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। গত ৩০ আগস্ট অনুষ্ঠিত জুম মিটিংয়ে দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা ও প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। সভায় বলা হয়, তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। এ গুরুত্বপূর্ণ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মকভাবে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে। তবে কর্মসূচি ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়। যুক্তরাষ্ট্রের রাস্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি ফরিদগঞ্জ টাইমসকে অবহিত করেছেন নিউ জার্সি স্টেট বিএনপি (সাউথ), আমেরিকার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

Scroll to Top