১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আলাউদ্দীন বিন সিদ্দিক: 

আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে বহির্বিশ্বে দেশের সুনাম সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।

সম্মাননা প্রদান পর্ব শেষে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ মাশক্বুল কুরআন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতিল এবং তাজভিদের মৌলিক ও সূক্ষ্ম নিয়মাবলি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আয়োজক কর্তৃপক্ষ জানান, এ ধরনের মাশক্বুল কুরআন কর্মশালা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তিলাওয়াত অনুশীলনে দক্ষ করে তুলবে এবং আগামী দিনে বিশ্বমানের হাফেজ ও ক্বারী হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। 

শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী। 

বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ভারতের এশিয়া মহাদেশীয় ক্বিরাত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে তার।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শিক্ষার্থীদের উন্নত তিলাওয়াত অনুশীলনে পাঠদান পরিচালনা করেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের শীর্ষ হাফেজ-ক্বারীগণ। প্রতিষ্ঠানটিতে উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, উস্তাযুল ক্বুররা শায়খ নাজমুল হক, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান এবং বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াসহ প্রখ্যাত ব্যক্তিবর্গ ধারাবাহিক দারস্ প্রদান করেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top