১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ৪, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

টিটু হোসেন : চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ফরিদগঞ্জ টিম। অভিযানে শহীদ মিনার ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বিডি ক্লিন ফরিদগঞ্জের একদল স্বেচ্ছাসেবী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশে জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন। অভিযান চলাকালে স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জনসাধারণকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক বার্তা দেন। বিডি ক্লিন ফরিদগঞ্জ টিমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ফরিদগঞ্জকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্ন শহর ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন ফরিদগঞ্জ টিমের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। এসময় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়ত উল্যা, টিটু, জেরিন, হাফছা, নাফসিন।

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

চাঁদপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা 

নিজস্ব সংবাদদাতা : চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। হাজীগঞ্জের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইনবিদ ও সমাজচিন্তক ব্যারিস্টার আল-মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার আল-মামুন রাসেল চাঁদপুরের বিভিন্ন উপজেলার নামকরণ ও ঐতিহাসিক তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।  তিনি বলেন, “বাইরের প্রতিরক্ষা যতই মজবুত হোক না কেন, ভেতরের সততা ও নৈতিক সচেতনতা না থাকলে যেকোনো সময় পতন ঘটতে পারে।” শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি চাঁদ ও সূর্যের সঙ্গে মা-বাবার তুলনা করেন। বক্তব্যের শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী শপথ বাক্য পাঠ করান—“যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।” বিশেষ অতিথির বক্তব্যে ইমরান নাজির বলেন, “ছাত্রশিবিরের মূল ভিশন হলো আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলা।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হোসেন, চাঁদপুর জেলা জামায়াতের নেতা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বক্তারা শিক্ষার্থীদের জীবনে পিতা-মাতার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা। আয়োজকরা জানান, চাঁদপুর সদর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পৃথক পর্বে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যেই ছাত্রশিবিরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে।

আজকের সংবাদ, আন্তর্জাতিক

অগসবার্গ রেলস্টেশনে বিস্ফোরণ, আহত ২: জার্মানিতে বিদ্যুৎ অবকাঠামোতেও নাশকতার তদন্ত

মুনির হোসাইন জুয়েল, জার্মানি :  জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অগসবার্গের একটি রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। বুধবার ভোরে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে স্টেশন ভবন ও এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি ট্রেনের চলাচলের পথও পরিবর্তন করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় স্টেশনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ে স্থানীয় গণপরিবহন ব্যবস্থাতেও। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃতি ও সম্ভাব্য উৎস শনাক্ত করতে বাভারিয়ান স্টেট ক্রিমিনাল পুলিশ অফিসের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। এদিকে একই সময়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে বিদ্যুৎ অবকাঠামোয় সম্ভাব্য নাশকতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। কোলোনের কাছে বার্গহাইমের রাইডট এলাকায় বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান আমপ্রিয়নের একটি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি সাধারণ কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে না। বরং এটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। আমপ্রিয়ন জানিয়েছে, ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দিলেও জার্মানির সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অগসবার্গ রেলস্টেশনের বিস্ফোরণের সঙ্গে বিদ্যুৎ অবকাঠামোয় কথিত নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্রান্ডেনবুর্গে সাম্প্রতিক নাশকতার ঘটনার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। এর আগে ব্রান্ডেনবুর্গের ইয়েনশভাল্ডে একটি বিদ্যুৎকেন্দ্রের কাছে উচ্চ-ভোল্টেজ সঞ্চালন লাইনে নাশকতার ঘটনা ঘটে। ওই ঘটনায় আতশবাজি বা কোনো ধরনের প্রক্ষেপণযন্ত্র ব্যবহার করে শর্ট সার্কিট ঘটানোর অভিযোগ ওঠে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে অগসবার্গের বিস্ফোরণ ও বিদ্যুৎ অবকাঠামোয় নাশকতার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে—এমন নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাগুলোর প্রকৃত কারণ বা সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

আন্তঃকলেজ বিতর্কের সেমিফাইনাল: দুই বিতর্কেই ‘বিপক্ষ’ দলের জয় 

ক্যাম্পাস প্রতিবেদক, গৃদকালিন্দিয়া কলেজ :  ‘যুক্তির নিরিখে সত্য উন্মোচন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার  সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলেজের অডিটোরিয়ামে এ সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৯টি দলের মধ্য থেকে নির্বাচিত চারটি দল দুটি বিষয়ের ওপর বিতর্কে অংশ নেয়। প্রথম বিতর্কের বিষয় ছিল—“নগরায়ন পরিবেশ বিপর্যয়ের মূল কারণ”। এ বিষয়ে শহীদ আবু সাঈদ দল পক্ষে এবং শহীদ মীর মুগ্ধ দল বিপক্ষে অবস্থান নেয়। অন্যদিকে—“সামাজিক যোগাযোগ মাধ্যমই যুবসমাজের একাকীত্বের প্রধান কারণ” বিষয়ে শহীদ ওয়াসিম দল পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদী দল বিপক্ষে যুক্তিতর্কে অংশ নেয়। দুই বিতর্কেই বিপক্ষ দল বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন শহীদ মীর মুগ্ধ দলের দলনেতা আরিফা আক্তার এবং শহীদ শরীফ ওসমান হাদী দলের দলনেতা তানহা আক্তার।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। বিচারকের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান গৌরী রানী সাহা, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান পরেশ চন্দ্র দাস এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাজির হোসেন। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুল বাতেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কে কে এম মাসুম, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুরেশ্বর বণিকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।  কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, জ্ঞানচর্চা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছে।  চলতি মাসের মাঝামাঝি সময়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

Scroll to Top