১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, বিশেষ সংবাদ

‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন দরজা খুলে যাবে’ 

ডেস্ক রিপোর্ট :  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে গিয়ে তাদের সমস্যা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনও ইবনে আল জায়েদ হোসেনকে অনেকটা জনপ্রতিনিধির মতোই সক্রিয় দেখা যায়। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অযথা বিড়ম্বনা বা সংকোচের শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে রয়েছে  ‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’।  সাইনবোর্ডটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের যে অযথা সংকোচ বা দ্বিধা থাকে, এই উদ্যোগ তা অনেকটাই দূর করবে। এ বিষয়ে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, “মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।” তার এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, সেবা প্রত্যাশী মানুষকে সহজে কাছে পাওয়া এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো।

আজকের সংবাদ, আন্তর্জাতিক, প্রবাস

ওমানে অবৈধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

কাজী ইমাম হোসেন, ওমান :  ওমানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশীসহ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গৃহকর্মীসহ অবৈধ বিদেশি কর্মী এবং ভিজিট ভিসায় আসা ব্যক্তিরাও এই নিয়মিতকরণ সুবিধার আওতায় আবেদন করতে পারবেন। এই ব্যবস্থায় অবৈধ শ্রমিকগণ পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতি ছাড়াই কর্মস্থল বা আরবাব পরিবর্তনের সুযোগ থাকবে। এছাড়া নির্দিষ্ট ক্ষেত্রে ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত জরিমানাও মওকুফ করা হবে। আবেদনের শেষ সময় অক্টোবরের ১ তারিখ। যারা ওমান ছাড়তে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। নিয়মিত সময়ের বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত সেবাও দিচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ দূতাবাস।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে ইক্বরা ইন্টারন্যাশনালের সম্মাননা প্রদান

আলাউদ্দীন বিন সিদ্দিক:  আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে বহির্বিশ্বে দেশের সুনাম সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা। বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী। সম্মাননা প্রদান পর্ব শেষে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ মাশক্বুল কুরআন কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতিল এবং তাজভিদের মৌলিক ও সূক্ষ্ম নিয়মাবলি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, এ ধরনের মাশক্বুল কুরআন কর্মশালা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তিলাওয়াত অনুশীলনে দক্ষ করে তুলবে এবং আগামী দিনে বিশ্বমানের হাফেজ ও ক্বারী হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।  শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।  বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ভারতের এশিয়া মহাদেশীয় ক্বিরাত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে তার। উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শিক্ষার্থীদের উন্নত তিলাওয়াত অনুশীলনে পাঠদান পরিচালনা করেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের শীর্ষ হাফেজ-ক্বারীগণ। প্রতিষ্ঠানটিতে উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, উস্তাযুল ক্বুররা শায়খ নাজমুল হক, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান এবং বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াসহ প্রখ্যাত ব্যক্তিবর্গ ধারাবাহিক দারস্ প্রদান করেন। 

আজকের সংবাদ, চাঁদপুর, বিশেষ সংবাদ

চাঁদপুরে ডোপ টেস্টের খবর শুনেই ফাঁড়ি থেকে উধাও পুলিশের এসআই 

চাঁদপুর প্রতিবেদক :  চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এক উপপরিদর্শক (এসআই) ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কর্মকর্তার নাম মামুন উর রশিদ।  পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। ডোপ টেস্টের কথা জানার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান।  ফাঁড়ির পক্ষ থেকে বলা হয়েছে, এসআই মামুন উর রশিদ নিয়মিত মাদক সেবন করতেন– এমন তথ্যও পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার ডোপ টেস্টের ফলাফল পাওয়া যায়নি। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনতে পুলিশ সদস্যরা তার বাসায় যান। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গতকাল ও আজ এই দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও গতকাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।  তিনি বলেন, “দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।” এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। 

Scroll to Top