১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

অসচ্ছল-অসুস্থ রোগীদের মাঝে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে অবস্থিত আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৪ জন অসচ্ছল রোগী ও তাদের পরিবারের মাঝে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।  সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় এবং সভাপতি সাগর আদনানের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী ব্যবসায়ী ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ মিজি মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মনির হোসাইন (কমান্ডো), ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি।  প্রধান অতিথির বক্তব্যে মাসুদ মিজি মামুন বলেন, “অসচ্ছল ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের মাধ্যমে যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়, সেজন্য ভবিষ্যতেও আমি আমার জায়গা থেকে সাধ্যানুযায়ী সংগঠনটির পাশে থাকার চেষ্টা করব।” সংগঠনের সভাপতি সাগর আদনান বলেন, “আমরা জুলাই মাসে সংগঠনের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সংগঠনটির দীর্ঘদিনের সুনাম ও ধারাবাহিকতা ধরে রেখে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। আমাদের ইউনিয়নের অনেক মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অর্থের অভাবে তাদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। কয়েকজন রোগী ও তাদের স্বজন আমাদের কাছে সহযোগিতার আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ আমাদের সামর্থ্য অনুযায়ী ৪ জন রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।”  সাগর আদনান আরও বলেন, আজকের এই সহযোগিতার পুরো অর্থায়ন করেছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ মিজি মামুন ভাই। এজন্য ওনার প্রতি আমি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা আরও বৃহৎ পরিসরে ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। আগামীতে আরও কয়েকটি জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগী ও তাদের স্বজনরা বলেন, আমরা বর্তমানে খুবই অসহায় অবস্থার মধ্যে আছি। চিকিৎসার ব্যয় বহন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন যে সহযোগিতা করেছে, তা আমাদের অনেক উপকারে আসবে। আমরা সংগঠনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ সময় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, অর্থ সম্পাদক নাঈমুল হাসান, স্বাবলম্বী বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, সহ-স্বাবলম্বী বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, সদস্য কামরুল ইসলাম ও শান্ত ভূঁইয়াসহ সংগঠনের সেচ্ছাসেবী ফরহাদ হোসেন, নাহিদ মিজিসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে গত সাত বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, স্বাবলম্বীকরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে অক্সিজেন সেবা ও ত্রাণ সহায়তা, রমজানে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসুস্থ ও অসচ্ছল রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি। 

আজকের সংবাদ, ইসলাম, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে রাসূল (সা.)-এর জীবন ও কর্মশীর্ষক সভা 

নিজস্ব প্রতিবেদক :  ‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ‎১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় ফরিদগঞ্জ পৌরসভার আরাফাত হোটেল এন্ড পার্টি সেন্টারের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান খান, মাওলানা আবু তাহের তালুকদার, হাফেজ মো. সোহাইল আহমেদ চিশতী ও মুফতি মো. আনোয়ার হোসেন আমিনী, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ মো. শহিদ উল্লাহ। ‎আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। ‎অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  সবশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

রাত পোহালেই গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :  রাত পোহালেই দীর্ঘ ১৩ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।  গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির মোট ১২টি পদের মধ্যে ৬টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর ৬টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। তারা হলেন মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী (চেয়ার), মো. আমির হোসেন (মোবাইল ফোন), মো. খোরশেদ আলম (মোটরসাইকেল), মো. খলিলুর রহমান (ছাতা), মো. আ. সাত্তার মুন্সী স্বপন (চাকা) এবং মো. মজিবুর রহমান পাঠান (আনারস)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নাসির উদ্দিন দিপু (দেয়াল ঘড়ি) ও মো. শাহাবুদ্দিন পাঠান লিটন (বৈদ্যুতিক পাখা)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আলী পাটওয়ারী (টেলিভিশন), মো. অলি উল্ল্যাহ কাজী (ফুটবল), মো. জসিম উদ্দিন (রজনীগন্ধা), মো. বিল্লাল হোসেন (তালাচাবি) এবং মো. শরীফ হোসেন আজাদ (তলোয়ার)।  সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক মিজি (কলম), মো. সবুজ হোসেন (মাছ) ও মো. সোহেল রানা (বাস)। কোষাধ্যক্ষ পদে মো. আইয়ুব আলী আনসারী (বই) ও মো. জাহাঙ্গীর আলম (দোয়াত-কলম) এবং প্রচার সম্পাদক পদে মো. ইউনুস খান (মাইক) ও মো. সরোয়ার হোসেন (কম্পিউটার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যবসায়ীরা জানান, একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ সবার প্রত্যাশা। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে বাজারের সার্বিক পরিবেশ আরও সুন্দর হবে। তাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা তাদের। দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে গাজীপুর বাজারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Scroll to Top