ফরিদগঞ্জ ফুটবল একাডেমি থেকে প্রিমিয়ার লীগে রায়পুরের শিহাব
টিটু হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর থেকে উঠে আসা শিহাবের ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর ভালোবাসা। সেই ভালোবাসা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেন তিনি; সোনার হরিণ সেনাবাহিনীতে চাকরির সুযোগকে কাজে না লাগিয়ে বেছে নেন ফুটবলকে। ফুটবলই হবে তার পরিচয়—এই প্রত্যয় নিয়ে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকেন শিহাব। তার ফুটবল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ফরিদগঞ্জ ফুটবল একাডেমিতে। সেখানে নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে নিজেকে একজন প্রতিভাবান গোলরক্ষক হিসেবে গড়ে তোলেন তিনি। বর্তমানে শিহাব খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল চট্টগ্রাম আবাহনীতে। গোলপোস্টের নিচে তার দক্ষতা, আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্স তাকে ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত করে তুলছে। দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে বাড়ছে তার জনপ্রিয়তা। একজন গোলরক্ষকের জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সাহস, মনোযোগ ও প্রতিপক্ষের আক্রমণ বুঝে নেওয়ার দক্ষতা। শিহাবের খেলায় এসব গুণের সমন্বয় ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। রায়পুর-লক্ষ্মীপুরের মাটিতে বেড়ে ওঠা এই তরুণ এখন দেশের ফুটবলের বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। তার এই পথচলা শুধু নিজের জন্য নয়, নিজ এলাকার তরুণ ফুটবলারদের জন্যও অনুপ্রেরণার গল্প। সেনাবাহিনীর চাকরির পথ ছেড়ে ফুটবলকে পেশা হিসেবে বেছে নেওয়া শিহাব আজ প্রমাণ করছেন– স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকলে নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়া সম্ভব। রায়পুরের এই কৃতি সন্তান ভবিষ্যতে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করবেন; এমন স্বপ্নই দেখছেন তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকার ফুটবলপ্রেমীরা।

