আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে এমপি এম.এ হান্নানের শাশুড়ির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন 

কেএম নজরুল ইসলাম :  ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী মোহাম্মদ খাইরুল আলম সেলিম মুন্সির সহধর্মিণী এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নানের শাশুড়ি শিরিন আক্তার (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট জিএনএ আলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন (চাঁদপুর-৪) ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। জানাজা শেষে মরহুমা শিরিন আক্তারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।